[Bengali/বাংলা] ভাড়াটিয়াদের জন্য বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের নির্দেশিকা
Publisher
Date
Type
বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের সুবিধা পেতে আপনাকে বাড়ির মালিক হতে হবে না। অস্ট্রেলিয়ার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ভাড়া বাসায় থাকেন, এবং যদিও ভাড়া বাসায় কিছু পরিবর্তনের সীমাবদ্ধতা থাকে, তবুও সৌর প্যানেল বা বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক না থাকলেও আপনার বিল এবং পরিবেশগত প্রভাব কমানোর উপায় রয়েছে। প্রকৃতপক্ষে, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের সবচেয়ে কার্যকর কিছু পদক্ষেপ হলো আপনার দৈনন্দিন অভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনা যার জন্য আপনার কোনো আর্থিক খরচই হয় না।
আপনি স্বল্পমেয়াদে বা দীর্ঘমেয়াদে যেভাবেই ভাড়া থাকুন না কেন, বিদ্যুৎ ও পানি ব্যবহার কমাতে এবং সারা বছরে শত শত ডলার সাশ্রয় করতে অনেক সহজ ও কম খরচের কিছু উপায় রয়েছে যা আপনার আরাম বা জীবনযাত্রার মান কমায় না।
বিদ্যুৎ সাশ্রয়ের উপায়
বিদ্যুৎ সাশ্রয় (যাকে কখনও কখনও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার বলা হয়) হলো একই কাজের মান, আরাম ও সুবিধা বজায় রেখে কম বিদ্যুৎ ব্যবহার করা। বাড়িতে বিদ্যুৎ ব্যবহার ও বিল কমাতে এই কার্যকরী পদক্ষেপগুলো চেষ্টা করুন।
- বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্রপাতি নির্বাচন করুন। গৃহস্থালির যন্ত্রপাতি আপনার বাড়ির মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে, তাই আপনি কী ধরনের যন্ত্রপাতি নির্বাচন করেন এবং কীভাবে ব্যবহার করেন তা আপনার বিদ্যুৎ খরচ ও বিলের ওপর বড় প্রভাব ফেলে। আপনি যদি নতুন কোনো যন্ত্রপাতি কিনতে চান, তাহলে বিদ্যুৎ-সাশ্রয়ী মডেল কেনার কথা বিবেচনা করুন। যন্ত্রটি কতটা বিদ্যুৎ সাশ্রয়ী তা বোঝার জন্য এনার্জি রেটিং লেবেল দেখুন—যত বেশি তারকা, তত বেশি বিদ্যুৎ ও টাকা সাশ্রয় করা সম্ভব।
- আপনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। বাড়ির মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৪০ শতাংশ গরম ও ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয়। শীতকালে আপনার হিটিং থার্মোস্ট্যাট ১৮–২০ ডিগ্রি সেলসিয়াসে সেট করার কথা বিবেচনা করুন। গ্রীষ্মকালে আপনার কুলিং থার্মোস্ট্যাট ২৫–২৭ ডিগ্রি সেলসিয়াসে সেট করার চেষ্টা করুন। থার্মোস্ট্যাট মাত্র এক ডিগ্রি বেশি (বা কম) তাপমাত্রায় সেট করলেও আপনার বাড়ি গরম ও ঠান্ডা করতে ব্যবহৃত শক্তি ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে। যখন এয়ার কন্ডিশনার বা হিটার চালু থাকবে, তখন যে ঘরগুলো ব্যবহার করছেন না সেগুলোর ভেতরের দরজা বন্ধ করে দিন।
- ফাঁক ও ফাটল বন্ধ করা। আপনার ঘর ড্রাফট-প্রুফ করে এবং ফাঁক-ফোকর দিয়ে গরম বা ঠান্ডা বাতাস বের হওয়া বন্ধ করলে, আপনি আপনার বিদ্যুৎ বিল প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমাতে পারেন। দরজার নিচ দিয়ে বাতাস বের হওয়া ঠেকাতে বালু ভর্তি কাপড়ের ড্রাফট-স্টপার (লম্বা ‘সাপ’-এর মতো) ব্যবহার করুন এবং জানালা, মেঝের ফাঁক, স্কার্টিং বোর্ড, স্কাইলাইট ও কর্নিসের জন্য ওয়েদার সিল ব্যবহার করুন। যেকোনো ওয়েদার সিল লাগানোর আগে আপনার বাড়ির মালিকের সাথে পরামর্শ করুন।
- জানালার কার্যকারিতা বাড়ান। জানালার পাশে স্থির বাতাসের একটি স্তর ধরে রাখতে পর্দা ও ব্লাইন্ডস ভালোভাবে ফিট করে লাগান, যাতে জানালা দিয়ে গরম বাতাস কম বের হয়। শীতকালে দিনে সূর্যের আলো ঢুকতে দিতে পর্দা খুলে রাখুন এবং অন্ধকার হওয়ার আগে সেগুলো বন্ধ করে দিন। একইভাবে, গ্রীষ্মকালে দিনের সবচেয়ে গরম সময়ে পর্দা বন্ধ রাখা ভালো।
- এয়ার কন্ডিশনারের পরিবর্তে ফ্যান ব্যবহার করা। সিলিং ও পেডেস্টাল ফ্যান চালাতে প্রতি ঘণ্টায় প্রায় এক সেন্ট খরচ হয় এবং এগুলো এয়ার-কন্ডিশনারের তুলনায় অনেক কম গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে। ফ্যান বাতাস চলাচল করতে সাহায্য করে এবং এটি এয়ার কুলিং সিস্টেমের কার্যকারিতা বাড়াতে পারে। পাশাপাশি, শীতকালে গরম বাতাস ছড়িয়ে দিয়ে হিটিংয়ের দক্ষতাও উন্নত করে।
- বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি ব্যবহার করুন। বাড়ির মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৭ শতাংশ আলো ব্যবহারের জন্য খরচ হয়। বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি ব্যবহার করা এবং সঠিকভাবে বাতি ব্যবহার করলে আপনার বাতি সংক্রান্ত খরচ অর্ধেক পর্যন্ত কমানো সম্ভব। পুরোনো ধরনের ইনক্যান্ডেসেন্ট বাল্বের পরিবর্তে কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (CFL) বা লাইট এমিটিং ডায়োড (LED) ব্যবহার করা বিদ্যুৎ খরচ কমানোর একটি কার্যকর উপায়। CFL বাল্ব ইনক্যান্ডেসেন্ট বাল্বের তুলনায় প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করে এবং ৪ থেকে ১০ গুণ বেশি সময় পর্যন্ত টিকে থাকে।
- স্ট্যান্ডবাই পাওয়ার। অনেক যন্ত্রপাতি ও গ্যাজেট, যেমন ফোন চার্জার, গেম কনসোল, মাইক্রোওয়েভ ও স্টেরিও ব্যবহার না হলেও বিদ্যুৎ টেনে নিতে থাকে। এই স্ট্যান্ডবাই পাওয়ার আপনার বাড়ির মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। ব্যবহার শেষ হলে দেয়ালের সুইচ থেকে যন্ত্রপাতি ও গ্যাজেট বন্ধ করলে আপনার বিদ্যুৎ খরচ এবং বিল দুটোই কমবে। যদি এতে ছোট স্ট্যান্ডবাই লাইট বা ঘড়ি থাকে, তবে এটি বিদ্যুৎ ব্যবহার করছে।
- ফ্রিজ এবং ফ্রিজার। আপনার ফ্রিজের জন্য উপযুক্ত তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে; আর ফ্রিজারের জন্য মাইনাস ১৫ থেকে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতি ডিগ্রি কম তাপমাত্রার জন্য ৫ শতাংশ বেশি শক্তির প্রয়োজন হয়। ফ্রিজ ও ফ্রিজারের কার্যকারিতা বাড়াতে ফ্রিজারে জমে থাকা বরফ সরিয়ে ফেলুন এবং বাতাস চলাচলের জন্য চারপাশে ৫–৮ সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখুন। অতিথি আপ্যায়নের জন্য আপনার যদি দ্বিতীয় একটি ফ্রিজ থাকে, তবে শুধু প্রয়োজন হলেই সেটি চালু করুন।
- কাপড় ধোয়া ও শুকানো। মেশিনে কাপড় ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করুন, সম্ভব হলে সবচেয়ে ছোট সাইকেল নির্বাচন করুন, কাপড়ের পরিমাণ অনুযায়ী পানির স্তর ঠিক করুন এবং পূর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এতে এনার্জি ও পানি দুটোই সাশ্রয় হবে। বৈদ্যুতিক ড্রায়ারের পরিবর্তে দড়িতে কাপড় শুকান—এতে কোনো খরচ হয় না।
পানি সাশ্রয়ের পরামর্শ
পানি দক্ষভাবে ব্যবহার করলে প্রতিটি ফোঁটা পানি ও প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হয়। বাড়ি ও বাগানে পানি সঠিকভাবে ব্যবহার করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া যায়, যা আমাদের ভবিষ্যতের জন্য পানি সংরক্ষণে সাহায্য করে।
- পানি সাশ্রয়ী যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহারের কথা বিবেচনা করুন। নতুন কোনো যন্ত্রপাতি বা ফিক্সচার কিনতে গেলে পানি-সাশ্রয়ী মডেল বেছে নেওয়ার কথা ভাবুন। ওয়াটার এফিশিয়েন্সি লেবেলিং অ্যান্ড স্ট্যান্ডার্ডস (WELS) রেটিং দেখুন।
- নল (ট্যাপ) সঠিকভাবে ব্যবহার করা। প্রতি সেকেন্ডে একটি ফোঁটা করে পানি পড়লে বছরে ১২,০০০ লিটারেরও বেশি পানি অপচয় হয়। পানি সাশ্রয়ের জন্য যেকোনো লিক হওয়া ট্যাপ যত দ্রুত সম্ভব ঠিক করুন। এয়ারেটর লাগিয়ে আপনি পানির ব্যবহার কমাতে পারেন। এয়ারেটর পানির প্রবাহ সীমিত করে এবং এটি ট্যাপের ভেতরে বা বাইরে লাগানো যায়। এটি করার আগে আপনার বাড়ির মালিকের সাথে পরামর্শ করা লাগতে পারে।
- পানি-সাশ্রয়ী শাওয়ারহেড লাগান। আপনার যদি পুরোনো ও বেশি পানি খরচ করে এমন শাওয়ারহেড থাকে, তাহলে বাড়ির মালিককে পানি-সাশ্রয়ী মডেল দিয়ে বদলানোর জন্য অনুরোধ করুন, এগুলো প্রায় এক-তৃতীয়াংশ পানি ব্যবহার করে এবং বছরে ২০০ ডলারের বেশি এনার্জি ও পানির বিল সাশ্রয় করতে পারে।
- ফ্লাশিং টয়লেট। ডুয়াল-ফ্লাশ টয়লেট ব্যবহার করলে প্রয়োজন অনুযায়ী হাফ-ফ্লাশ ব্যবহার করুন। যদি আপনার বাড়ির মালিক সিঙ্গেল-ফ্লাশ টয়লেট পরিবর্তন করেন, তাহলে পানি-সাশ্রয়ী ডুয়াল ফ্লাশ মডেল ব্যবহারের পরামর্শ দিন, এটি প্রতিদিন প্রতি ব্যক্তির জন্য প্রায় ৫১ লিটার পানি সাশ্রয় করতে পারে। যদি এটি সম্ভব না হয়, তাহলে আপনি পানি স্থানচ্যুতি যন্ত্র ব্যবহার করতে পারেন বা চৌবাচ্চার ভেতরে পানি ভর্তি একটি প্লাস্টিকের বোতল রেখে এর ধারণক্ষমতা কমাতে পারেন।
- বাগানে পানির ব্যবহার কমান। একটি প্রচলিত সবুজ লন আপনার বাগানের পানির প্রায় ৯০ শতাংশ পর্যন্ত ব্যবহার করতে পারে। আপনি আপনার ঘাস কাটার মেশিন ৪ সেন্টিমিটার বা তার বেশি উচ্চতায় সেট করে এটি কমাতে পারেন। আপনি পানি দেওয়ার পদ্ধতি উন্নত করে এবং পানি-সাশ্রয়ী পণ্য ব্যবহার করে বাগানের পানির ব্যবহার কমাতে পারেন।
ভাড়াটিয়াদের জন্য রিসোর্সসমূহ
আপনার বাড়ির মালিক বা এস্টেট এজেন্টের সাথে কথা বলা
মেরামত, সার্ভিসিং বা রক্ষণাবেক্ষণ যার মধ্যে টেকসই উন্নয়নও অন্তর্ভুক্ত, সাধারণত আপনার বাড়ির মালিকের অনুমতি (এবং অর্থায়ন) প্রয়োজন হয়। প্রতিটি রাজ্য ও অঞ্চলে ভাড়াটিয়াদের জন্য ভিন্ন আইন রয়েছে, তাই কোনো ধরনের পরিবর্তন করার আগে ভালোভাবে খোঁজ নেওয়া এবং অনুমতি নেওয়া গুরুত্বপূর্ণ।
টেকসই উন্নয়নের জন্য আপনার বাড়ির মালিক বা এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করার সময় কিছু বিষয় মনে রাখা উচিত:
- রিবেট এবং সহায়তা। টেকসই উন্নয়ন করার জন্য বাড়ীর মালিকদের জন্য বিভিন্ন ধরনের সরকারি রিবেট ও সহায়তা পাওয়া যায়। আপনার অনুরোধকে সহজ করতে আপনি আপনার বাড়ির মালিকের জন্য কিছু গবেষণা করতে পারেন এবং আমাদের রিবেট ও সহায়তা বিভাগ দেখে আপনার পরিস্থিতির জন্য প্রাসঙ্গিক তথ্য খুঁজে নিতে পারেন।
- কর ছাড়। বাড়ীর অনেক ধরনের উন্নয়ন, পাশাপাশি মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ কর ছাড়যোগ্য হতে পারে। কোন কোন বিষয় আপনার গৃহস্থালির ক্ষেত্রে প্রযোজ্য তা দেখতে অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসের (Australian Taxation Office) এর 'ভাড়া বাড়ীর মালিকদের জন্য নির্দেশিকাটি' দেখতে পারেন এবং প্রাসঙ্গিক তথ্য আপনার বাড়ির মালিককে জানাতে পারেন।
- বিনিয়োগের সুবিধা। বাড়ির বিদ্যুৎ ও পানি সাশ্রয় বাড়ায় এমন উন্নয়নে বিনিয়োগ করলে আপনার বাড়ির মালিক তার সম্পত্তির মূল্য বাড়াতে পারেন, যা ভবিষ্যতের ক্রেতা ও ভাড়াটিয়াদের কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
আপনার বাড়িওয়ালা বা রিয়েল-এস্টেট এজেন্টের কাছে করা যেকোনো অনুরোধ অবশ্যই লিখিতভাবে জানাবেন। সব অনুরোধের পাশাপাশি আপনার বাড়ির মালিক বা রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে পাওয়া যেকোনো সম্মতি বা চুক্তির লিখিত রেকর্ড রাখা ভালো।
আরও বেশি তথ্য জানতে এবং বেশি সাশ্রয় করতে চান?
বিদ্যুৎ, বর্জ্য, পানি ও ভ্রমণ সাশ্রয় নিয়ে অনেক ব্যবহারিক পরামর্শ, পাশাপাশি সরকারি সহায়তার তথ্য ইংরেজিতে www.energy.gov.au ওয়েবসাইটে পাওয়া যায়।
দায়িত্ব অস্বীকার
কমনওয়েলথ এই অনুবাদের জন্য ব্যবহৃত মূল নথির সত্যতা নিশ্চিত করে না এবং মূল নথি বা এই অনুবাদে থাকা কোনো তথ্যের যথার্থতা সম্পর্কে কোনো মতামত প্রদান করে না। এই অনুবাদের যথার্থতাসহ এর সম্পর্কে কমনওয়েলথ কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করে না। এই অনুবাদ ব্যবহার বা এর ওপর নির্ভর করার ফলে কোনো ব্যক্তি সরাসরি বা পরোক্ষভাবে যেকোনো ক্ষতি, লোকসান বা আঘাতের সম্মুখীন হলে তা এজেন্সি থেকে দেওয়া তথ্য বা পরামর্শের ভিত্তিতে হোক বা না হোক কমনওয়েলথ এবং এর কর্মকর্তা, কর্মচারী বা এজেন্টরা এর জন্য দায়ী থাকবে না।