[Bengali/বাংলা] আপনার বাড়িতে বিদ্যুৎ, গ্যাস ও অর্থ সাশ্রয়ের ৫টি চমৎকার উপায়

5 bright ideas for saving energy and money in your home

Publisher

Australian Government

Date

বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে, আমাদের অনেকেই বাড়িতে কম বিদ্যুৎ ব্যবহার করার উপায় খুঁজছি। সুসংবাদ হলো, আপনি এখনই করতে পারেন এমন অনেক সহজ এবং বিনামূল্যের উপায় রয়েছে। এই উপায়গুলোর কিছু চেষ্টা করে এবং দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন এনে, আপনি আরাম বিসর্জন না দিয়েই টাকা সাশ্রয় করতে পারবেন এবং পরিবেশেরও উপকার করতে পারবেন।

  1. গরম পানির ব্যবহার কমানো

    গরম পানির ব্যবহার গড় পরিবারের মোট বিদ্যুৎ বিলের প্রায় ২৫ শতাংশের জন্য দায়ী। এটি কমানোর উপায়গুলোর মধ্যে রয়েছে ঠান্ডা পানিতে কাপড় ধোয়া এবং পুরো লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করা, ডিশওয়াশার শুধুমাত্র পূর্ণ হলে চালানো, কম পানির প্রবাহের শাওয়ারহেড ব্যবহার করা (এর দাম খুব দ্রুতই উসুল হয়ে যাবে), এবং অল্প সময়ে স্নান করা।

  2. কার্যকারি যন্ত্রপাতি বাছাই করা

    গৃহস্থালির যন্ত্রপাতি আপনার মোট বিদ্যুৎ বিলের প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত হতে পারে। আপনি যদি নতুন ফ্রিজ, ফ্রিজার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, কাপড় শুকানোর মেশিন, ডিশওয়াশার বা এয়ার কন্ডিশনার কিনতে চান, তাহলে এনার্জি রেটিং লেবেল দেখুন—যত বেশি তারকা, পণ্যটি তত কম বিদ্যুৎ খরচ করবে। উচ্চ স্টার-রেটিংযুক্ত মডেলের দাম কিছুটা বেশি হতে পারে, কিন্তু একটি সস্তা ও কম বিদ্যুৎ-সাশ্রয়ী পণ্য বেছে নিলে দীর্ঘমেয়াদে আপনার খরচ বেশি হতে পারে।

  3. বাসাবাড়ির যন্ত্রপাতি সচেতনভাবে ব্যবহার করা

    মাইক্রোওয়েভ, টেলিভিশন এবং গেমিং কনসোলের মতো যন্ত্রের ‘স্ট্যান্ডবাই পাওয়ার’ আপনার বিদ্যুৎ বিলের প্রায় ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। যদি কোনো যন্ত্রে ছোট আলো বা ঘড়ি থাকে—তাহলে সেটি বিদ্যুৎ ব্যবহার করছে। যন্ত্রপাতি ব্যবহার না করলে দেয়ালের সুইচ থেকে বন্ধ করে রাখা, অপ্রয়োজনীয় অতিরিক্ত ফ্রিজ ও ফ্রিজার সরিয়ে ফেলা, এবং ড্রায়ারের বদলে কাপড় রোদে শুকানো—এসবের মাধ্যমে খরচ কমানো যায়।

  4. কার্যকারিভাবে গরম ও ঠান্ডা নিয়ন্ত্রণ করা

    প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বা শীতল করলে শক্তি ব্যবহার প্রায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। আপনার বিল নিয়ন্ত্রণে রাখতে, শীতকালে হিটিং থার্মোস্ট্যাট ১৮–২০ ডিগ্রি সেলসিয়াসে এবং গ্রীষ্মকালে ২৫–২৭ ডিগ্রি সেলসিয়াসে সেট করার কথা ভাবুন। আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন তা সর্বোচ্চ কাজে লাগাতে, ঘরের ভেতরের দরজাগুলো বন্ধ রাখুন এবং শুধু যেসব কক্ষ ব্যবহার করছেন সেগুলোতেই গরম বা ঠান্ডা করুন।

  5. বাড়ির ফাঁকফোকর বন্ধ করে ঠান্ডা বাতাস ঢোকা‑বেরোনো রোধ (ড্রাফট-প্রুফ) করা

    ড্রাফট-প্রুফিং একটি সস্তা ও সহজ উপায়, যা আপনার ঘরকে আরামদায়ক রাখে এবং গরম ও ঠান্ডার খরচের প্রায় এক-চতুর্থাংশ পর্যন্ত সাশ্রয় করতে সাহায্য করে। দরজা, মেঝে, জানালা এবং স্কার্টিং বোর্ডের চারপাশের ফাঁকগুলো সিল করা, এবং বালু বা কাপড় দিয়ে তৈরি ‘সসেজ’ ধরনের ড্রাফট-স্টপার ব্যবহার করা সহজেই নিজে করার মতো উপায়।

আরও বেশি তথ্য জানতে এবং বেশি সাশ্রয় করতে চান?

বিদ্যুৎ, বর্জ্য, পানি ও ভ্রমণ সাশ্রয় নিয়ে অনেক ব্যবহারিক পরামর্শ, পাশাপাশি সরকারি সহায়তার তথ্য ইংরেজিতে www.energy.gov.au ওয়েবসাইটে পাওয়া যায়।